স্মার্টওয়াচের বিক্রি বেড়েছে
স্মার্ট ডিভাইস নির্মানে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই এখন স্মার্টওয়াচ বাজারে প্রবেশ করেছে। বর্তমানে বিশ্বব্যাপী বিলিয়ন ডলারের স্মার্টওয়াচ বাজার রয়েছে। সাম্প্রতিক তথ্যমতে, পরপর দুই প্রান্তিকে হ্রাসের পর স্মার্টওয়াচের সরবরাহ ১১ শতাংশ বেড়েছে।
বৈশ্বিক প্রযুক্তি বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট বিশ্বব্যাপী স্মার্টওয়াচের বাজার পর্যবেক্ষন করে। তাদের প্রকাশিত নতুন একটি প্রতিবেদন থেকে স্মার্টওয়াচের বিক্রি বাড়ার তথ্য পাওয়া গেছে।
কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে বিক্রি ১১ শতাংশ বেড়েছে, যা ২০২২ সালের শেষ প্রান্তিকে ও ২০২৩ সালের প্রথম প্রান্তিকে হ্রাস পেয়েছিল।
স্মার্টওয়াচের বিক্রি বৃদ্ধির পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ভারত। গত বছরের একই সময়ের তুলনায় ভারতে স্মার্টওয়াচের বিক্রি ১২ শতাংশ বেড়েছে। এদিকে উত্তর আমেরিকা, চীন ও বিশ্বের বাকি অংশে বিক্রি কিছুটা কমেছে।
উল্লেখযোগ্য পতন সত্ত্বেও অ্যাপল আবারও তার শীর্ষ অবস্থান বজায় রেখেছে। হুয়াওয়ে চলতি প্রান্তিকে সেরা পারফর্মিং ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। বিশেষ করে চীনে প্রতিষ্ঠানটির বাজার হিস্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের ১৯ শতাংশ পতন ঘটেছে। ভারতীয় ব্র্যান্ড নয়েজ ও ফায়ার-বোল্ট প্রধান প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে। আগের বছরের তুলনায় তাদের বিক্রি বেড়েছে যথাক্রমে ৮৬ শতাংশ ও ৭০ শতাংশ।
ডিবিটেক/বিএমটি







